সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের কোনো সত্যতা নেই।

এতে আরও বলা হয়, এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার কিংবা শেয়ার করা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।