ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এবং দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন তারা।
দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু করে শাখা ছাত্রদল। এসময় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয় তাদের। পরে, দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ শুরু করে শাখা ছাত্রশিবির। বিক্ষোভটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।
এর আগে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইবির একটি ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
বাসচালক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসার পথে চানপুর বাজার পার হয়ে ড্রাগন বাগান এলাকায় পৌঁছালে যানজটের কারণে বাসটি ধীরগতিতে চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুইজন দুর্বৃত্ত বাসটির সামনে এসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত বাসটি পাশ কাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং নিরাপদে ক্যাম্পাসে পৌঁছান। এছাড়া, ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পকেট গেটে প্রাচীরের বাহির থেকে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রক্টরিয়াল বডির তৎপরতায় সেটিকে নিষ্ক্রিয় করা হয়। এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
বিক্ষোভে উভয় দলের নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘শেখ-শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দঁড়ি আছে রেডি’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘একটা-দুইটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আবু সাইদ- মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও শিবিরের কর্মসূচীতে শাখা সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান বিশ্বাসসহ তিন শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরেছে। পুরো দেশে তারা যে বোমাবাজি ও গাড়িতে আগুন দিচ্ছে, তার প্রতিবাদে ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে রাজপথে তাদের মোকাবিলা করবে। কোনো ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্টের ঠিকানা এই ক্যাম্পাসে এবং বাংলাদেশে হবে না। নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, শিক্ষার্থী বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গত ১৭ বছরের জুলুম, নির্যাতন ও নৈরাজ্যের দায়ে দলটিকে দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি করেছে তারই অংশ হিসেবে ইবিতে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু বর্তমান প্রশাসন ও নিরাপত্তা সেলের ভূমিকার কারণে তাদের এই ষড়যন্ত্র সফল হয়নি। ক্যাম্পাস বর্তমানে সম্পূর্ণ নিরাপদ এবং শিক্ষার পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে। ক্লাস-পরীক্ষা স্বাভাবিক অবস্থায় চলমান রয়েছে।