সাবেক এমপির ‘সভার’ ভিডিও ভাইরাল, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জে জেলার তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি ‘গোপন সভার’ ছড়িয়ে পড়া ভিডিওতে তারা মিয়াকে দেখা যাওয়ার পর তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। তাকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত এবং বিভিন্ন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

গত সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সভার দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওতে তাকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতাকর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।

রণজিৎ সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিও প্রকাশের পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ও বিজিবি নিজেদের এলাকায় এমন ঘটনা ঘটেনি বলে দাবী করেন।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রঞ্জিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।