১
জমলে পানি ফ্রিজের নিচে কিংবা ফুলের টবে,
এডিস মশার বাচ্চা দিতে ভারি মজা হবে।
২
ছাদের পরে ছাদবাগানে পানি জমে থাকে—
ডেঙ্গুবাহক এডিস মশা ডিম পাড়ে এই ফাঁকে।
৩
ডাবের খোলায় পানি জমে—তার ভেতরে বসে,
এডিস মশা নিরিবিলি বালবাচ্চা পোষে।
৪
ছাদের পরে পানির আধার—মুখ যদি রয় খোলা,
সহজ হবে এডিস মশার ছানাপোনা তোলা।
৫
কমোড যদি না হয় ইউজ দু-চার দিনের ভিতর,
তার ভেতরেও ডিম পাড়ে সে—এডিস এমন ইতর।
৬
ড্রেনের চেয়েও ড্রামের পানি বড্ডো ভয়ঙ্কর,
বদ্ধ এবং ভালো পানিই এডিস মশার ঘর।
৭
পথের পাশে পড়ে থাকে গাড়ির টায়ার—ওটায়
পানি পেলেই এডিস মশা ডিম পাড়ে আর ফোটায়।
৮
দেশের জন্য দশের জন্য একটু মাথা ঘামান,
মারতে মশা বিবেক লাগে, না লাগে না কামান।
৯
আসুন সবাই ধ্বংস করি আস্তানা সব মশার,
নইলে পরে সব অভিযান হয়ে যাবে অসার।