বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্র জানায়, চিকিৎসক সুরঞ্জিত দাসের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজ চেম্বারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রোগী দেখার সময় চিকিৎসক সুরঞ্জিত দাসকে গালাগাল ও মারধর করেন ইমরান খান এবং তার সঙ্গে থাকা কয়েকজন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস। এ সময় ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। সেখানে একজন নারী রোগী থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। পরে বিষয়টি ছেলেকে জানান বেলায়েত হোসেন। কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তারা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল করেন। পরে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পরিস্থিতি সামাল দিতে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন সুরঞ্জিত দাস। পরে তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেন। চিকিৎসক বলেন, ‘রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। এ কারণে ইমরান খান আমার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধর করেন। আমি বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।