নওগাঁয় বাসে আগুন: নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:৫৮

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নওগাঁ জেলা ছাত্রলীগের দুই সহসভাপতি এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক সহ-সভাপতি।

গ্রেপ্তাররা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)। একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, শাহানুর নেওয়াজ লিখন হাট নওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। বডি, আসন ও ভেতরের সরঞ্জামসহ কিছুই অবশিষ্ট ছিল না। কেবল লোহার কাঠামো পড়ে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাসমালিক মো. সাগির আহমেদের দাবি, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর বাসমালিক ও স্থানীয়রা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। অন্যদিকে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের কথা জানিয়েছিল পুলিশ।

ইত্তেফাক/এপি