কুড়িগ্রামে একসঙ্গে ৫ ছানার জন্ম দিল দেশি ছাগল

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি দেশি জাতের ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এ খবর ছড়িয়ে পড়লে নবজাতক ছানাগুলোকে একনজর দেখতে ছাগলের মালিকের বাড়িতে প্রতিবেশীসহ আশপাশের উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে। বিষয়টি স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে বিরল এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাগলটির প্রসব শুরু হয়। অল্প সময়ের ব্যবধানে একের পর এক চারটি সুস্থ ছানার জন্ম দেয় ছাগলটি। এরপর প্রায় এক ঘণ্টার বিরতিতে রাত সাড়ে ৯টার দিকে পঞ্চম ছানাটির জন্ম হয়। তবে জন্মের মাত্র ১৫ মিনিটের মাথায় দুর্ভাগ্যজনকভাবে পঞ্চম ছানাটি মারা যায়। বর্তমানে বেঁচে থাকা বাকি চারটি ছানা পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কৃষক তহিদুল।

ছাগলটির মালিক তহিদুল ইসলাম জানান, বাড়িতে দেশি জাতের এই ছাগলটি তিনি দীর্ঘদিন ধরে লালন-পালন করছেন। এর আগেও ছাগলটি তিনবার বাচ্চা প্রসব করেছিল এবং প্রতিবারই তিনটি করে ছানা জন্ম দিত। তবে এবার একসঙ্গে পাঁচটি বাচ্চার জন্ম দেবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী মমিনা বেগম রাতের রান্নার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের অস্বাভাবিক ডাকাডাকি শুনে ঘরে গিয়ে দেখতে পান ছাগলটি প্রসব করছে। তাদের প্রত্যক্ষ উপস্থিতিতেই পরপর চারটি ছানার জন্ম হয়।

তহিদুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, চারটি ছানার জন্মের পর তারা ভেবেছিলেন প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু প্রায় এক ঘণ্টা পর হঠাৎ পঞ্চম ছানাটির জন্ম হয়, যা কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানার পুষ্টি নিশ্চিত করতে মায়ের দুধের পাশাপাশি বাড়তি হিসেবে গরুর দুধও খাওয়ানো হচ্ছে।

ব্যতিক্রমী এ ঘটনা প্রসঙ্গে ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, সচরাচর দেশি ছাগল একসঙ্গে দুটি বা তিনটি, বড়জোর চারটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। একসঙ্গে পাঁচটি ছানার জন্ম বিরল একটি দৃষ্টান্ত। সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতিতে এ ধরনের উচ্চ প্রজননক্ষম ছাগল পরিচর্যা করা গেলে সাধারণ খামারি ও প্রান্তিক কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হতে পারবেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার জানান, দেশি জাতের ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসবের ঘটনা সচরাচর চোখে না পড়লেও এটি চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। সার্বিক প্রজনন পরিসংখ্যানে ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা প্রায় ২ থেকে ৩ শতাংশ থাকে।

তিনি আরও পরামর্শ দেন, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর সঠিক শারীরিক বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য বিশেষ পরিচর্যা প্রয়োজন হয়। মা ছাগলের পর্যাপ্ত দুধের ঘাটতি দেখা দিলে বিকল্প উপায়ে প্রতিটি বাচ্চার জন্য সুষম পুষ্টি নিশ্চিত করার তাগিদ দেন এই কর্মকর্তা।