টাঙ্গাইলের মির্জাপুরে কোমলমতি এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. মাহিন মিয়া স্বাক্ষরিত এক আদেশে অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের এ সিদ্ধান্ত জানানো হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) মির্জাপুর উপজেলার ৭ নম্বর ওয়ার্শি ইউনিয়নের ৬৪ নম্বর নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগে ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সহকারী শিক্ষক তপন সরকারের বাড়ি উপজেলার নাগরপাড়া গ্রামে। ২০১৭ সালে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান। ইংরেজি ও গণিত প্রাইভেট পড়ানোর প্রলোভন দেখিয়ে তিনি একাধিকবার কোমলমতি ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা লোকলজ্জার ভয়ে শুরুতে পরিবারের কাছে প্রকাশ না করে প্রধান শিক্ষিকাকে জানালেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এমনকি উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি বলে দাবি অভিভাবক ও এলাকাবাসীর। ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সোমবার, যখন অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে পিটুনি দেন।
খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা রাণী মজুমদার এবং মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে তপন সরকারকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্তের আদেশ জারি করেন। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার নিজের গাফিলতির কথা অস্বীকার করে দাবি করেন, ২০১৮ সালে তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই তিনি তপন সরকারকে মৌখিকভাবে সতর্ক করেছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছিলেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা রাণী মজুমদার জানান, বিদ্যালয় ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশের সহায়তায় নেওয়া হয়। পুরো বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া জানান, ঘটনার দিন খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডের মৌখিক অভিযোগ রয়েছে। তবে ঘটনার পর শিক্ষা অফিসের কর্মকর্তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিস কিংবা ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পরবর্তী ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।