মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০০:১৯

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার অংশ হিসেবে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) তার মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতায় লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হন। কারামুক্তির পর দেশের অভ্যন্তরে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ গোটা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে লুৎফুজ্জামান বাবর বলেন, অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে যেন তিনি আবারও দেশ ও জনগণের সেবায় পূর্ণ উদ্যমে ফিরে আসতে পারেন।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর ভাই মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে। আমাদের প্রিয় সংসদ সদস্য যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় সবার মাঝে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

ইত্তেফাক/এনএন