‘১৯৭১ সালে একদল ব্যাগেজ গুছিয়ে রেখেছিল আত্মসমর্পণ করার জন্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ‘একবার ১৯৭১ সালে যখন জাতি দিশেহারা, তখন একদল ব্যাগেজ গুছিয়ে রেখে দিয়েছে আত্মসমর্পণ করবে। হাজারো অনুরোধের পরও স্বাধীনতার ঘোষণা করে না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সমঝোতার স্বপ্ন দেখে। তখন জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর আকাঙ্ক্ষাকে ধারণ করে জিয়াউর রহমান বিদ্রোহ করেন।’
তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো, সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে গেল, সবাই রাজা হতে চায়। এ সময় ত্রাণকর্তার ভূমিকায় আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবুও তিনি নিজে রাষ্ট্রপতির দায়িত্ব না নিয়ে অন্য একজনকে সেই দায়িত্ব দেন।’
উপাচার্য বলেন, ‘স্বৈরাচার ক্ষমতায় বসে নয় বছর দেশ শাসন করল। যখন জাতি খাদের কিনারে চলে গেল, তখন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশকে উদ্ধারে ভূমিকা রাখেন গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার)। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।