রাজধানীর ডেমরায় নিখোঁজের তিনদিন পর মো. হামিদুল্লাহ (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে আরিফ হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হযেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেট সংলগ্ন একটি মাঠের পাশে জঙ্গল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত হামিদুল্লাহ ডেমরার মালা মার্কেট এলাকার বাবুল আকন্দের ছেলে। গ্রেপ্তারকৃত আরিফ ডেমরার মালা মার্কেট এলাকার আলম হোসেনের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফ জানান, গত ৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে প্রতিবন্ধী হামিদুল্লাহকে মাঠের পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জঙ্গলে ফেলে রাখেন।
এ ঘটনায় নিহতের বড়ভাই সাইদুল আলম রাতেই ডেমরা থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, বুধবার সকালে আসামি আরিফকে আদালতে পাঠানো হবে।
এদিকে, সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ডেমরার মালা মার্কেট এলাকার জঙ্গল থেকে কিশোর হামিদুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছিল।
সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।