স্কুলের শৌচাগারে একত্র হয়ে ছয়জন ছাত্রীর ই-সিগারেট (ভ্যাপ) পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর হংকংয়ের শিক্ষা প্রশাসন তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে দেশটির শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ‘এক ঘরে ছয়জনের হটপট পার্টি’ শিরোনামে পোস্ট করা ভিডিওটি গত সপ্তাহে তরুণদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে ধারণ করা হয়েছিল বলে পোস্টের সঙ্গে উল্লেখ করা হয়।
ভিডিওতে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরা ছয় ছাত্রী একটি শৌচাগারের কিউবিকলে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে তাদের হাসি-ঠাট্টা করতে দেখা গেলেও ক্যামেরা ঘোরানোর পর পেছনে থাকা এক ছাত্রীর হাতে ই-সিগারেট দেখা যায়। বিষয়টি ক্যামেরায় ধরা পড়ার পর ওই ছাত্রীকে হাসিমুখে ভি চিহ্ন দেখাতে দেখা যায়। ভিডিওর শেষ মুহূর্তে অন্য ছাত্রীরাও একই ভঙ্গিতে পোজ দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দাবি, ছাত্রীদের পোশাক দেখে তাদের সুয়েন ওয়ান এলাকার পো লেউং কুক ইয়াও লিং সান কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থী বলে শনাক্ত করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই শিক্ষা অধিদপ্তর ও স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে হংকংয়ের শিক্ষা অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষও তাদের অভ্যন্তরীণ সংকট ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করেছে। পাশাপাশি কাউন্সেলিং কার্যক্রমের মাধ্যমে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।
এক বিবৃতিতে শিক্ষা অধিদপ্তর জানায়, শিক্ষার্থীদের মধ্যে যথাযথ নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাপূর্ণ আচরণ গড়ে তুলতে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া বক্তব্যে পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের স্কুলে ডাকা হয়েছে। বিষয়টিকে গুরুতর হিসেবে বিবেচনা করে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হচ্ছে।
হংকংয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ই-সিগারেট ব্যবহারের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে কাউলুন টং এলাকার ১৩ বছর বয়সী তিন ছাত্রীকে স্কুলের শৌচাগারে ই-সিগারেট ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক গ্রহণের সন্দেহে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে সুয়েন ওয়ানের আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সিঁড়ি ও শৌচাগারে শিক্ষার্থীদের ধূমপান এবং ভ্যাপ ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, হংকংয়ে তামাক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করে ২০২৬ সালের ৩০ এপ্রিল নতুন বিধান কার্যকর করা হয়েছে। এর আওতায় ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যেও প্রকাশ্য স্থানে ভ্যাপ পড, ই-লিকুইড ও ই-সিগারেটসহ বিভিন্ন বিকল্প ধূমপানসামগ্রী বহন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।