জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর থেকে প্রায় ৩০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক বলেন, মঙ্গলবার সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন।