সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান মহসেন রেজাই। একইসঙ্গে তিনি সতর্কতা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায় তাহলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) লেবাননভিত্তিক টেলিভিশন আল-মায়েদানকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন যে কোনো হামলার জবাব দেওয়া হবে তাদের দূরবর্তী কোনো ঘাঁটিকে টার্গেট করে।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলেও জানান মহসেন রেজাই।

আন্তর্জাতিক আণবিক সংস্থার ধারণা অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম আছে। যা বেসামরিক কাজে ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মান থেকে অনেক বেশি।

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামগুলো ওই হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছিল কি না, বা ক্ষতিগ্রস্থ হলেও কতটা হয়েছে, সেটি নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান তাদের ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী করে তুলছে। তবে ইরান শুরু থেকেই এটি অস্বীকার করে আসছে।

গত বছরের হামলার পর চলতি বছর ইরানে আবারও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালায়। টানা ৪০দিন যুদ্ধ চলার পর এখন যুদ্ধ থামলেও উত্তেজনা রয়ে গেছে।

যুক্তরাষ্ট্র শর্ত দিচ্ছে ইরান যদি তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা চায় তাহলে অবশ্যই পারমাণবিক কর্মসূচিকে আলোচনায় রাখতে হবে। 

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে তাদের চুক্তি হলে সেখানে শর্ত থাকবে ইরানকে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের দেশ থেকে বাইরে পাঠিয়ে দিতে হবে। তবে ইরান জানিয়েছে, তারা তাদের ইউরেনিয়াম এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো ছাড় দেবে না।

সূত্র: আল-মায়েদান