দুর্ঘটনায় আহত মানুষের ক্ষতস্থান ঢাকা কিংবা জরুরি রক্তপাত বন্ধের জীবনরক্ষাকারী গজ দিয়ে হাসপাতালের নিরাপত্তাবেষ্টনী তৈরির ঘটনা ঘটেছে। সরকারি টাকায় কেনা ও রোগীদের সেবায় সংরক্ষিত চিকিৎসাসামগ্রী রোগীর সেবার কাজে না লাগিয়ে গাছের সঙ্গে পেঁচিয়ে বেষ্টনী হিসেবে ব্যবহারের ঘটনায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ের জন্য ১ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৯১২ টাকার একটি বড় প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে শুধু গজ, ব্যান্ডেজ ও তুলা কেনার জন্যই বরাদ্দ রাখা হয়েছে ১০ লাখ ৪০ হাজার ১৬০ টাকা। অথচ রোগীদের পরম যত্নে ব্যবহারের কথা যে গজের, তার একটি অংশ হাসপাতালের চত্বরে গাছের সঙ্গে পেঁচিয়ে ও সীমানাপ্রাচীরের রেলিংয়ে বেঁধে অস্থায়ী ঘেরাও বা বেষ্টনী তৈরি করা হয়েছে।
সম্প্রতি সরেজমিনে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসাসামগ্রী হিসেবে পরিচিত সাদা গজ টানটান করে গাছের সঙ্গে বাঁধা রয়েছে। দিনের পর দিন এমন দৃশ্য চোখে পড়লেও বিষয়টি নিয়ে উদাসীন ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দড়ি বা বিকল্প কোনো সহজলভ্য উপাদান বাদ দিয়ে কেন জরুরি চিকিৎসার এই উপকরণ বেষ্টনীতে ব্যবহার করা হলো—তা নিয়ে হাসপাতাল চত্বরে অসন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনেরা।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, এটা আসলে আমাদের গজগুলো পর্যাপ্ত পরিমাণ আছে তো, তাই এভাবে ব্যবহার করা হচ্ছে। জাস্ট একটু মেইনটেন্যান্সের জন্য করা, অটোরিকশা যাতে না আসতে পারে। তাই কয়েকটি গজ দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে। এগুলো আমি পরিবর্তন করে রশি দিয়ে বাউন্ডারি দিয়ে দেব, সমস্যা নেই।
তবে কর্তৃপক্ষ বলছে অব্যবহৃত গজ এভাবে ব্যবহার করা অনুচিত কাজ।
বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, এটা ভুল করেছে। গজ তো এভাবে নষ্ট করা ঠিক না। এই গজ কী ব্যবহৃত কিনা? হয়তো মনে করছে নষ্ট গজ, তাই হয়তো ব্যবহার করছে। তবে যাই হোক, এসব গজ এভাবে ব্যবহার করতে পারে না। আমি বিষয়টি খবর নিয়ে জানাচ্ছি। এরকম যাতে আর না হয়, সেটা আমি বলে দেবো।