বৃষ্টির মধ্যেই গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৬

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার ( ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এতে কেউ বাসটিতে অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গাজীপুরে পরিত্যক্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এপি