যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামে শেখ আবু তালেব (৭৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মুনসেফপুর গ্রামের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার এক ঘণ্টার মধ্যে শফিয়ার শেখ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
গ্রেপ্তার শফিয়ার একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
নিহত আবু তালেব ও ঘাতক শফিয়ার মামাতো-ফুফাতো ভাই।
নিহতের আত্মীয়-স্বজনের ধারণা, পূর্বশত্রুতার জেরে শফিয়ার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টার দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শেখ আবু তালেবকে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালী থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।