টাঙ্গাইলে মাদকের চালান নিয়ে অভিযোগ উঠায় এক মাদ্রাসা অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। এ অধ্যক্ষের নাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাইতুন নূর নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি একই গ্রামের আব্দুস সাত্তরের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদক ইদ্রিস মিয়া জানান, দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ছড়াছড়ি। অধ্যক্ষ সাইফুল শিক্ষকতার পাশাপাশি পঞ্চাশ মোড়ে ওষুধের দোকান করেন। ওষুধ ব্যবসার সুযোগে এলাকার মাদক সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তাদের প্রলোভনে গত সোমবার রাত ১১টায় মোটর সাইকেলে করে ইয়াবার চালান হস্তান্তরের জন্য ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী গ্রাম পাকুটিয়ার মিতালী ইটভাটায় যান। সেখানে উৎপেতে থাকা আরেকটি পক্ষ মাদকসহ তাকে আটকায়।
তিনি আরও জানান, তার মোবাইল, মানিব্যাগ ও ইয়াবার প্যাকেট কেড়ে নেয়। ধস্তধস্তির এক পর্যায়ে একজনের হাতে শক্ত কামড় দিয়ে মোটরসাইকেল ফেলে সাইফুল পালিয়ে যায়। হৈচৈ শুনে ভাটার লোকজন এসে অধ্যক্ষ সাইফুলকে পালিয়ে যেতে দেখেন। খবর পেয়ে গোপালপুর থানার টহল পুলিশ সেখানে হাজির হয়ে মাদকের চালান নিয়ে দুই পক্ষের মধ্যে কামড়াকামড়ি ও ধাক্কাধাক্কির কথা জানতে পারেন। প্রমাণ হিসাবে একটি ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই অধ্যক্ষ সাইফুল গা ঢাকা দিয়েছেন। বাড়িতে বা মাদ্রাসায় কোথাও তাকে পাওয়া যায়নি।
তাছাড়া মাদকের চালান নিয়ে ধাক্কাধাক্কি ও কামড়াকামড়ির ভিডিও ছড়িয়ে পড়লে গ্রামবাসী ক্ষোভে ফুঁসে উঠে। একজন মাদ্রাসা অধ্যক্ষ মাদক চালানের সাথে জড়িত হবেন এটা কেউ মেনে নিতে পারছেননা। গ্রামবাসীর চাপের মুখে বুধবার মাদ্রাসার ম্যানেজিং কমিটি এক জরুরি সভা ডেকে অধ্যক্ষ সাইফুলকে চাকরি থেকে বরখাস্ত এবং গ্রামে অবাঞ্চিত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগ করা হলে সাইফুলে ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
সাইফুলের অন্য একটি মোবাইল নাম্বারে কলা করা হলে তার স্ত্রী এবং একই মাদ্রাসার শিক্ষিকা স্বপ্না বেগম রিসিভ করেন। তিনি ইত্তেফাক ডিজিটালকে জানান, তার স্বামী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এ আক্রোশে নির্দোষ স্বামীকে রাতে ফোন করে জরুরি কথা আছে বলে ইটভাটায় ডেকে নিয়ে ইয়াবা চালানের বানোয়াটে প্রতিপক্ষরা তাকে ফাঁসিয়েছে। নিরাপত্তার অভাবে তিনি এলাকা ছেড়েছেন।
গোপালপুর থানার ওসি মো. রুহুল আমীন জানান, ৯৯৯ ফোন পেয়ে থানার এসআই রুবেল মিয়া সেখানে গিয়ে দেখেন অভিযুক্তরা পালিয়ে গেছে। তবে মাদকের চালান নিয়ে দুই পক্ষের মধ্যে কামড়াকামড়ি ও ধাক্কাধাক্কির সাক্ষ্য প্রমাণ হিসাবে একটি ভিডিও পুলিশের হস্তগত হয়েছে। মাদকের চালানের ভাগাভাগি নিয়ে মতবিরোধের জের ধরে প্রথমে এক পক্ষ পুলিশকে ফোন দেয়। পরে বিপদ বুঝে উভয় পক্ষ দ্রুত সমঝোতা করে ছটকে পড়েছে। ভিডিও পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
