২ হাজার ৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল কেন, প্রশ্ন বিশেষজ্ঞদের

প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা–গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। তাদের প্রশ্ন, প্রকল্পের প্রায় সব কাজ শেষ হওয়ার পর কেন সেটি বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে? তাদের মতে, প্রকল্পে অনিয়ম বা কারিগরি ত্রুটি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। কিন্তু ব্যক্তিবিশেষের ব্যর্থতার দায় পুরো গণপরিবহন ব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরা হয়। ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি ও নগর পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ও পরিকল্পনাবিদ মু. মুসলেহ উদ্দিন হাসান। এ ছাড়া বক্তব্য দেন সিপিবি নেতা রুহিন হোসেন (প্রিন্স), গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী এবং গাজীপুরের বাসিন্দা ও সাবেক অধ্যক্ষ কফিল উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিআরটির নির্ধারিত বাস লেন বাতিল করে সড়কটিকে ছয় লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর গণপরিবহন সেবা চালু না করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক নয়।

তিনি বলেন, প্রকল্পের নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুবিধা এবং যানজটের কারণে সম্ভাব্য আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও বিকল্প পরিকল্পনা পর্যালোচনা করে সিদ্ধান্তের পক্ষে প্রয়োজনীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করা উচিত। মন্ত্রিসভার সিদ্ধান্তের যৌক্তিকতাও জনগণকে জানাতে হবে।

বিআরটির গুরুত্ব তুলে ধরে আরিফুল ইসলাম বলেন, ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা, ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানে এই করিডরে বিআরটি চালুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যবস্থা কার্যকর হলে যাতায়াতের সময় কমার পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে। একই সঙ্গে বিনিয়োগ, নগর অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি আশা প্রকাশ করেন, ঢাকা-গাজীপুর বিআরটির ক্ষেত্রেও পরিকল্পনাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন তোলেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক। তিনি বলেন, ২০১২ সালে শুরু হওয়া প্রকল্পটি ১৪ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। ঢাকা-গাজীপুর প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পরও কেন তা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

শামসুল হক বলেন, নির্মাণকাজের অগ্রগতি দেখে গাজীপুরের মানুষ গণপরিবহন সমস্যার সমাধান নিয়ে আশাবাদী হয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত গণপরিবহন না থাকায় এলাকায় অটোরিকশার সংখ্যা বাড়ছে। বিআরটি বাতিল হলে প্রকল্পের ২৫টি স্টেশনে থাকা বিশেষ পারাপার সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এতে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া উচিত। সংশ্লিষ্ট নাগরিক প্রতিনিধিদের সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনেরও আহ্বান জানান তিনি।

সিপিবি নেতা রুহিন হোসেন (প্রিন্স) বলেন, প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে যথাযথভাবে কিছু জানানো হয়নি। প্রকল্পে দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকলে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কাজ সম্পন্ন করা উচিত। এ জন্য একটি শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ বলেন, বিআরটি শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, সংশ্লিষ্ট এলাকার নগরায়ণ ও মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। প্রকল্পে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধনের মাধ্যমে সমাধান করা সম্ভব। সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী সমীক্ষার পরও প্রকল্প বাতিলের উদ্যোগ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী বলেন, নিজের পেশাগত অভিজ্ঞতা এবং বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষার ভিত্তিতে প্রকল্পটিকে আর্থিক ও কারিগরি দিক থেকে সম্ভাবনাময় বলে মনে করেন তিনি। তার মতে, বিপুলসংখ্যক বাসযাত্রীর জন্য এ করিডরে বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তিনি জানান, বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাতিল হলে এসব রুটের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে। বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার সফলতার জন্য নিরবচ্ছিন্ন গণপরিবহন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বিআরটি বাদ দিয়ে আবার প্রচলিত সড়কব্যবস্থায় ফিরে যাওয়ার উদ্যোগ দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে এ বিষয়ে পৃথকভাবে আলোচনা হয়েছে। তাদের নিয়ে সমন্বিত আলোচনারও পরিকল্পনা রয়েছে। গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সংবাদ সম্মেলনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তাদের দাবিগুলো সরকারের কাছে যথাযথভাবে পৌঁছায়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, জনস্বার্থে এই বৃহৎ নগর পরিবহন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তারা। বিআরটি ছাড়া বাস ফ্র্যাঞ্চাইজির পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রকল্পটিতে ছিল সড়কের মাঝখান দিয়ে শুধু বিশেষ বাস চলাচল করবে

সংবাদ সম্মেলন থেকে বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আট দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে প্রকল্পের আর্থিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সিদ্ধান্তের পক্ষে প্রয়োজনীয় তথ্য প্রকাশ।

এ ছাড়া প্রকল্পের সব নথি, পরামর্শক ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা সংরক্ষণ করে স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন এবং শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি বিমানবন্দর-গাজীপুর করিডরকে ‘আরবান আরটারি’ ঘোষণা, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বিআরটি চালু এবং ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্গঠন করে দেশব্যাপী গণপরিবহন উন্নয়নে কারিগরি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়।

দাবির অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রকল্পনির্ভর উন্নয়নের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনাভিত্তিক পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ নিশ্চিত করা।

সমাপনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, প্রকল্পে কোনো কারিগরি ত্রুটি বা অনিয়ম থাকলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করতে হবে। একই সঙ্গে বিআরটি লেন বহাল রেখে দেশের প্রথম বিআরটি করিডর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।