ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।
২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মনজুর কাদের ভূঁইয়া। দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনায় তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে গত ২২ অক্টোবর রাতে থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা আলোচনায় আসে।
জানা যায়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওই রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে অভিযোগটি অস্বীকার করেন মনজুর কাদের ভূঁইয়া। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।
এ ছাড়া পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগ দেওয়ার আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে মনজুর কাদের ভূঁইয়ার বদলির পর সরাইল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তা এখনো জানানো হয়নি।