মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।
 
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), মো. মজনু মিয়া (৫৪) এবং মো. রিপন মিয়া (২৩)। তাদের মধ্যে চালক জসিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। অপর দুজনের মধ্যে মো. মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে এবং মো. রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এর প্রায় আধা ঘণ্টা পর রাত আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।