অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর বাজারে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন হাসপাতালকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সিলগালা করে দেওয়া হয় এভারগ্রীন মেডিকেল সেন্টার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।
অভিযানকালে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালানো হয়।
মানিকগঞ্জের সিভিল সার্জন আইভী ফেরদৌস বলেন, ‘রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে ঘিওর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।