নোয়াখালীতে শাশুড়ি খুন, ছেলের বউ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের লক্ষ্মী রানী দেবনাথকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ছেলে রকি দেবনাথের বউ মিতা রানী দেবনাথের (২৩) বিরুদ্ধে। নিহত লক্ষ্মী রানী দেবনাথ ওই গ্রামের সন্তোষ চন্দ্র দেবনাথের স্ত্রী। গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনার পর হত্যাকারী মিতা রানী পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে পুলিশ মিতা রানীকে পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

চরজব্বার থানার ওসি মোঃ নিজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী মিতা রানীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রকি দেবনাথ বাদী হয়ে তার স্ত্রী মিতা রানীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।