গঙ্গাচড়া-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস চালু

রংপুরের গঙ্গাচড়া-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস চালু হয়েছে। ঢাকার সঙ্গে এ এলাকার মানুষের যোগাযোগের অন্যান্য বাস সার্ভিস সুবিধার পাশাপাশি মানুষের আরো ভালো সেবা নিশ্চিত করতে বিআরটিসি বাস চালু করা হয়। গঙ্গাচড়া ও বড়াইবাড়ী বাজার হতে প্রতিদিন রাত আটটায় ঢাকার উদ্দেশ্যে এসি বাসটি ছাড়বে। মাত্র ৬০০ টাকার টিকিটের মূল্যে এসি বাসে ঢাকায় যেতে পারবে গঙ্গাচড়া উপজেলার মানুষ।

বৃহস্পতিবার রাত আটটায় গঙ্গাচড়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। বিআরটিসি এসি বাসে স্বল্পমূল্যে প্রথম দিনেই ৫২ সিটের পুরো যাত্রী গঙ্গাচড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।  এদিকে গঙ্গাচড়া  থেকে ঢাকার অন্যান্য বাসের সঙ্গে বিআরটিসি এসি বাস সংযুক্ত হওয়ায় মানুষজন খুবই খুশি।