বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়— প্রশ্ন শ্রীলঙ্কার খেলোয়াড়দের

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর বাংলাদেশের ফুটবলারদের গতি ও খেলার ধরন প্রতিপক্ষের নজর কেড়েছে। ম্যাচ শেষে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে এসে কোচ ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং কৌতূহল প্রকাশ করে জানতে চান, বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়!

শুক্রবার কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে মজার এই ঘটনাটি জানান বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের অভিজ্ঞতা জানিয়ে ডুলি বলেন, ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় তাদের ড্রেসিংরুমে এসেছিলেন। তারা অবাক হয়ে বলছিলেন, ব্যাপারটি দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? শ্রীলঙ্কান খেলোয়াড়রা মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাওয়ার পর যে আরেকটি ছেলে নামছে, সে আরও বেশি দ্রুতগতির!

প্রতিপক্ষের এই প্রশংসাকে বাংলাদেশের আক্রমণভাগের গতি ও সামর্থ্যের স্বীকৃতি হিসেবে দেখছেন ডুলি। তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে সম্পূর্ণ মনোযোগ এখন সামনে থাকা কঠিন পরীক্ষার দিকে দিচ্ছেন তিনি। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় কোচ ডুলির আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাস বাড়ালেও দলে প্রকৃত স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’-এর অভাব নিয়ে চলা আলোচনাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ তিনি। তাঁর মতে, গোল করার জন্য নির্দিষ্ট কোনো একজন স্ট্রাইকারের ওপর এককভাবে নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই।

ভুটানের ম্যাচের প্রসঙ্গ টেনে কোচ বলেন, মিডফিল্ডার হামজা চৌধুরী সেই ম্যাচে থাকলে দল আরও বেশি গোল পেতে পারত। হামজার সামনে তিনটি দারুণ সুযোগ এলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারেনি উল্লেখ করে ডুলি জানান, সে মাঠে থাকলে হয়তো এক থেকে তিনটি গোল বেশি হতো।

সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশ কোচ। তাঁর মতে, বর্তমান টুর্নামেন্টে পাকিস্তানই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এর পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের ভালো ফল করার ইতিহাস এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন দলটিতে থাকা পাঁচজন বিদেশি ফুটবলার। তাই পাকিস্তানকে বিন্দুমাত্র হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডুলি।

পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে কিছু দুশ্চিন্তাও রয়েছে, যার অন্যতম প্রধান কারণ রাইট ব্যাক সাদ উদ্দিনের অনুপস্থিতি। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও দারুণ ভূমিকা রাখা এই ফুটবলারের বিকল্প হিসেবে কাকে খেলানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ।

তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন ডুলি। তিনি জানান, তপু এখন দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করছেন এবং তার পায়ে কোনো ব্যথা নেই। তিনি নিজেও স্বাভাবিক বোধ করছেন বলে জানিয়েছেন এবং প্রয়োজন হলে সেমিফাইনালে মাঠে নামতে পারবেন। এছাড়া সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের খেলা নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট।