হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। 

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গোলও পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার। তবে সেমিফাইনালে হামকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটিতে সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’

নিজেদের দলে তারকা খেলোয়াড় আছে উল্লেখ করে পাকিস্তানের এই গোলরক্ষক আরও বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’

পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট

পাকিস্তান দলে নতুন করে যোগ দিচ্ছেন পাঁচজন খেলোয়াড়। তাঁদের নিয়েও আশাবাদী ইউসুফ। তিনি বলেন, ‘আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে ফুটবল কোনো একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’

ইত্তেফাক/জেডএইচ