২৫ কোটি পাঠ্যবই ছাপা শেষ, বাকি আছে ৬ কোটি

আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই পাচ্ছে শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত প্রায় ২৫ কোটি পাঠ্যবই ছাপা হয়েছে। এখনো প্রায় ৬ কোটি বই ছাপা বাকি আছে। আগামী মাসে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনাকে সামনে রেখে পাঠ্যবই ছাপানোয় গতি বাড়াতে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ২৩টি ছাপাখানাকে।

এক্ষেত্রে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য এনসিটিবির চার শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে মাধ্যমিকের পাঠ্যবই ছাপানোর কাজ পাওয়া শতাধিক প্রেসের মধ্যে গতকাল পর্যন্ত ৪৩টি ছাপাখানা শতভাগ পাঠ্যবই সরবরাহ করেছে। মুদ্রণ শিল্প সমিতির একজন কর্মকর্তা গতকাল ইত্তেফাককে বলেন, ছাপাখানাগুলোর প্রতিদিন ৪০ লাখ পাঠ্যবই ছাপানোর সক্ষমতা রয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে সব বই সরবরাহ করা সম্ভব হবে।

প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শতভাগ বই ছাপা শেষ :এনসিটিবির প্রাথমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের কাজ পাওয়া ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন (বিডি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনিরের দেওয়া গতকালের তথ্য অনুযায়ী, প্রাথমিকের ৯৮ দশমিক ৪০ ভাগ পাঠ্যবই ছাপা শেষে সারা দেশে সরবরাহ করা হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শতভাগ বই ছাপা শেষ হয়েছে। দ্বিতীয় শ্রেণির ৯৮ দশমিক ৮০ শতাংশ, তৃতীয় শ্রেণির ৯৮ দশমিক ১৫ শতাংশ, চতুর্থ শ্রেণির ৯৮ দশমিক ১০ শতাংশ ও পঞ্চম শ্রেণির ৯৮ দশমিক ০৬ শতাংশ পাঠ্যবই ছাপানোর কাজ শেষ হয়েছে।

মাধ্যমিকের ৭৬ দশমিক ৪৮ শতাংশ পাঠ্যবই সরবরাহ :এনসিটিবির মাধ্যমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের দায়িত্বে থাকা ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বেলাল হোসাইন গতকাল ইত্তেফাককে বলেন, মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি) ৮০ দশমিক ৩০ শতাংশ পাঠ্যবই ছাপা হয়েছে। এর মধ্যে ৭৬ দশমিক ৪৮ শতাংশ পাঠ্যবই পিডিআই শেষে সারা দেশে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, এবারই প্রথম শিক্ষার্থীরা আগে বই পাবে। একই সঙ্গে পাঠ্যবইয়ের মান অতীতের চেয়ে ভালো হবে। এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, এবার প্রাথমিক স্তরের বই ছাপার কাজ পাওয়া মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৮২ শতাংশই মাধ্যমিক স্তরের বই ছাপার কাজও পেয়েছে। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হওয়ায় এসব প্রতিষ্ঠান এখন মাধ্যমিকের বই ছাপায় বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া প্রাথমিকের পাঠ্যবই চার রঙে ছাপা হলেও মাধ্যমিকের বই এক রঙে ছাপা হয়। ফলে মাধ্যমিকের বই ছাপার কাজও এখন দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতীতের অভিজ্ঞতা ভালো নয় :২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে নতুন পাঠ্যবই দেওয়া শুরু করে সরকার। তবে কোনো কোনো বছর শিক্ষাবর্ষের শুরুতে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে পরপর দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে বই বিতরণ করা যায়নি। চলতি শিক্ষাবর্ষ শুরুর এক মাস সাত দিন পর, গত ৭ ফেব্রুয়ারি শতভাগ পাঠ্যবই সরবরাহ করতে পেরেছিল এনসিটিবি। এর আগের বছর সব বই সরবরাহ করতে প্রায় তিন মাস লেগেছিল। সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হয়। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে চায় এনসিটিবি। কর্মকর্তাদের লক্ষ্য, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করে সেগুলো মাঠপর্যায়ে পাঠানো।