এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে এলাকায় কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজ বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রপ্রতিরোধে কাজ করছে সরকার। বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা দিয়ে দূরবর্তী দৃশ্যও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যায়। আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা কয়েক শতে উন্নীত করা হবে।

অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তালিকা করে ক্যামেরা বসানো হচ্ছে। বিশেষ করে জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই সম্প্রতি জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক গতিবিধি ধরা পড়লে সংশ্লিষ্ট থানা ও টহল পুলিশ সদস্যদের কাছে তাৎক্ষণিক সতর্কবার্তা চলে যাবে।

নিরাপত্তাব্যবস্থায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ঢাকা-১৩ আসনকে ৭০টি মহল্লায় ভাগ করে কমিটি গঠনের ঘোষণা দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, এসব মসজিদ-মন্দির, মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটিগুলো পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। 

তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ফুটেজ সবার জন্য উন্মুক্ত না রেখে কেবল সংশ্লিষ্ট পুলিশ, ট্রাফিক বিভাগ ও কমিটির নির্ধারিত প্রতিনিধিদের জন্য সীমাবদ্ধ রাখা হবে। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকেও সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী দাবি করেন, সিসিটিভি নজরদারি, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সক্ষমতাও বাড়াতে হবে। মোহাম্মদপুর থানার এলাকা বিস্তৃত হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে পুলিশের সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

কিশোর গ্যাং ও মাদক সমস্যাকে কেবল আইনশৃঙ্খলা দিয়ে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিকভাবে মোকাবিলার ওপর জোর দেন ববি হাজ্জাজ। তিনি জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি। বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। বিজিএমইএ ও এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগোচ্ছে।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।