জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার দিচ্ছে সিআইএফ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)।

এ অর্থ ছাড়ের প্রক্রিয়া, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে সিআইএফ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ এবং ইয়ুথ ফর এনডিসির আমানউল্লাহ পরাগ অংশ নেন।

শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দেওয়া ৩ কোটি ডলার অর্থায়ন কার্যকরভাবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ কর্মসূচির মূল লক্ষ্য জলবায়ু ঝুঁকিকে বিনিয়োগের সুযোগে রূপান্তর করা এবং জলবায়ু পরিবর্তনজনিত আর্থিক অভিঘাত থেকে অর্থনীতিকে সুরক্ষা দেওয়া।

সিআইএফের প্রতিনিধিরা জানান, ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ কর্মসূচিতে বড় পরিসরে সহ-অর্থায়নের সুযোগ রয়েছে। অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদের ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে অর্থায়ন করা যাবে। কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে এসব অর্থ ব্যবহারের সুযোগ রয়েছে।

অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে সিআইএফ প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলোর চাহিদার ভিত্তিতে একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিকল্পনাটি প্রণয়ন করে অর্থায়ন বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত সংকট তুলে ধরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান, উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নিরাপদ পানীয় জলের সংকট উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। যাতে দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি বছরের অন্যান্য সময়ে সেখানে শিক্ষা ও জীবিকাভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যায়। এসব আশ্রয়কেন্দ্রের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বনায়ন ও উপকূলীয় সুরক্ষা কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এ কর্মসূচিতে মোট বৃক্ষরোপণের ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কার্বন সংরক্ষণ, উপকূলীয় সুরক্ষা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখার আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর) কর্মসূচির অগ্রগতিও পর্যালোচনা করা হয়। সিআইএফ প্রতিনিধিরা জানান, ২০০৮ সালে শুরু হওয়া এ কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন থেকে মূল্যায়ন পর্যন্ত পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। পিপিসিআরের বিনিয়োগ পরিকল্পনার সমাপনী কার্যক্রম সম্পন্ন করতে সিআইএফের ফলাফল মূল্যায়ন, গভর্ন্যান্স ও যোগাযোগবিষয়ক প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে।

এ ছাড়া আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে সিআইএফের গভর্ন্যান্স সভা আয়োজনের বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। সম্ভাব্য ২৪ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হতে পারে। এতে সিআইএফের বোর্ড সদস্য, পর্যবেক্ষক এবং উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয় দুই পক্ষ।