মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক ভবন, শ্রমিকদের আবাসস্থল, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে গ্রেপ্তার এড়াতে খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যে এমনই এক অভিযানে খাটের নিচ থেকে এক ব্যক্তিকে আটক করেন কর্মকর্তারা।
চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
তবে ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত তথ্যে অভিযানের সংখ্যা ও আটকের পরিমাণ আরও বেশি বলে জানানো হয়েছে। ওই তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা এবং ২২৮ জনের বেশি বিদেশি নাগরিককে আটক করা হচ্ছে।
সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পরিচালিত এসব অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানের ভিডিও রাজ্য অভিবাসন বিভাগের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক বিভিন্ন সংকীর্ণ স্থানে আত্মগোপনের চেষ্টা করছেন। তাদের একজন খাটের নিচে লুকিয়ে থাকলেও কর্মকর্তারা তাকে খুঁজে বের করে আটক করেন।
অভিবাসন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩৪ জনকে।
আমপং এলাকায় খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন মিয়ানমারের এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।
এ ছাড়া একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।
অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং শাহ আলম সিটি কাউন্সিলের কর্মকর্তারাও অংশ নেন। সেখানে অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাননি।
এদিকে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদারের কথাও জানিয়েছে বিভাগটি।
অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে নির্ধারিত সরকারি যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে মালয়েশিয়া সরকার। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।
বৈধ পাস বা অনুমতিপত্র না থাকা কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বিদেশি নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।
তবে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অভিবাসন বিভাগ। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের জন্য আটকের ঝুঁকি থেকেই যাচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ কিংবা তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।