জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথাব্যথা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন শিরিন। সেখানে তার চিকিৎসা চলছিল। এ সময় তার সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন স্বামী।

শনিবার রাতে স্ত্রীকে হাসপাতালে রেখে এশার নামাজ আদায় করতে মসজিদে যান তার স্বামী। এই সময় খোলা জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান শিরিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার বিষয়ে হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ মুহূর্তে হাসপাতাল প্রশাসন কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।