এইচপি সিরিজ

সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত’র মতে, সিরিজের প্রথম ম্যাচটা ছিল স্বাগতিকদের একটা বাজে দিন। সবার সম্মিলিত প্রয়াসে সেই বাজে সময় কাটিয়ে উঠেছে বাংলাদেশ এইচপি দল। শ্রীলঙ্কার এইচপি দলের বিরুদ্ধে ১৮৬ রানের ধকল কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে দ্বিতীয় ম্যাচেই। গত বুধবার বিকেএসপিতে পাওয়া ২ উইকেটের জয়টা আত্মবিশ্বাস ফিরিয়েছে বাংলাদেশ শিবিরে। এখন টার্গেট লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা জেতা। গতকাল এইচপি দলের অধিনায়ক শান্ত এমনটাই জানিয়েছেন।

দুই ম্যাচ পর সিরিজের স্কোর লাইন ১-১। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা এইচপি দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

সিরিজ জয়ের ক্ষেত্রে আজকের ম্যাচটি দু’দলের জন্যই সমান সুযোগ। জিতলেই সিরিজ বগলদাবা করা যাবে। আর আজ হেরে গেলে সিরিজ খোয়া যাবে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ মুখিয়ে থাকবে ট্রফি নিজেদের করে রাখতে। হোম কন্ডিশনে খেলবে শান্ত’র দল। তাছাড়া শেষ ম্যাচে জয়ের স্মৃতিও স্বাগতিকদের দখলে। প্রথম ম্যাচে উড়ন্ত জয়ে সিরিজ শুরু করা লঙ্কানরা মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে। বড়ো জয়ের শুরুর পরই হারের তিক্ততায় পড়েছে সফরকারীরা।

গত বৃহস্পতিবার খুলনায় পৌঁছেছিল দুই দল। গতকাল শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনও করেছে দুই দল। গত ম্যাচে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামতে চায় বাংলাদেশের এইচপি দল। গতকাল খুলনা থেকে মোবাইলফোনে অধিনায়ক শান্ত বলেছিলেন, ‘আমি বলব যে, খুব ভালো একটা কামব্যাক। সবাই অনেক কঠোর পরিশ্রম করেছে পরের ম্যাচটার জন্য। এখন আত্মবিশ্বাস আছে। চেষ্টা করব এই আত্মবিশ্বাস ধরে রেখে কালকে (আজ) ভালো কিছু করতে, ভালো ক্রিকেট খেলতে।’

সিরিজ জয়কেই এখন পাখির চোখ করেছে শান্ত বাহিনী। বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যানের মতে, নিজেদের স্বাভাবিক পারফরম্যান্স ঠিক থাকলেই ম্যাচ জিতবে বাংলাদেশ। সিরিজ জয় নিয়ে গতকাল শান্ত বলেছেন, ‘অবশ্যই সম্ভব। সিরিজ শুরুর আগেও আমাদের পরিকল্পনা ছিল যে, আমরা সিরিজ জেতার জন্যই খেলব। প্রথম ম্যাচ একটা বাজে দিন ছিল আমার কাছে যেটা মনে হয়। আমাদের স্বাভাবিক খেলাটাই আমরা খেলতে পারি, আমরা সিরিজ জিতব ইনশাল্লাহ।’

ব্যাটিংয়ে শান্ত, ইয়াসির আলী রাব্বির ইনিংস ছিল গত ম্যাচে স্বাগতিকদের জয়ের মূল রসদ। দু’জনই হাফ সেঞ্চুরি করেছিলেন। লঙ্কানদের ২৭৩ রানের জবাবে ২ বল বাকি থাকতে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এইচপি দল।

খুলনায়ও আজ শেষ ওয়ানডেতে একই ধারাবাহিকতা চান শান্ত। খুলনার উইকেটেও কোনো সমস্যা দেখছেন না তিনি। গতকাল বলেছেন, ‘এখানে অনেক ক্রিকেটার আছে যারা এর আগে খুলনার উইকেটে ম্যাচ খেলেছে। উইকেট সম্পর্কে ধারণাও আছে। তাছাড়া আজকে (গতকাল) অনুশীলনও ছিল। সবাই অনুশীলন করেছে। আশা করি তেমন কোনো সমস্যা হবে না।’

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা এইচপি দল পরস্পর দুটি চারদিনের ম্যাচ খেলবে। খুলনায় প্রথমটি শুরু হবে ২৭ আগস্ট। কক্সবাজারে দ্বিতীয়টি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর।