দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ব্যাটে প্রতিরোধ গড়েছে টাইগাররা। ফিফটি তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে গেছেন তানজিদ তামিম।
রোববার (১৫ নভেম্বর) জোহানেজবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষিক্ত মাহফিজুল রবিন। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান রবিন।
রবিনের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। শান্ত ১২ ও মুমিনুল রানের খাতা খোলার আগেই আউট হন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ তামিম। এটি তার দ্বিতীয় টেস্টে ফিফটি।
শেষ পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তানজিদ তামিম ৫১ ও হৃদয় ২৩ রানে অপরাজিত আছেন।