জন্মনিবন্ধন জা‌লিয়া‌তি: দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

জন্মনিবন্ধন সনদ জা‌লিয়া‌তি, নাগরিকত্ব যাচাইয়ে অবহেলা এবং দাপ্তরিক দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি রোববার (১৫ নভেম্বর) জানাজানি হয়।

এর আগে একই অভিযোগে গত ৩ সেপ্টেম্বর ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।

গত ১১ নভেম্বর জা‌রি করা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তদন্তে তিনটি জন্মনিবন্ধন সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি এবং সনদধারীরা ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। আবেদনকারীদের স্থায়ী ঠিকানা ও নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে সংরক্ষণ করা দাপ্তরিক দায়িত্ব পালনে গুরুতর অবহেলার শামিল। এ ধরনের কর্মকাণ্ড আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদের অসুস্থতার কার‌ণে ছু‌টি‌তে গে‌লে, ইউপি সদস্য মো. সালাহ উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। পরবর্তী সময়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়াছড়া পূর্বাংশ এলাকার তিন রোহিঙ্গা নাগরিক—সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ ইস্যু করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিষয়টি জানাজানি হলে চলতি বছরের ২ আগস্ট স্থানীয় এক বাসিন্দা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা পায় এবং প্রতিবেদন জমা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সাময়িক বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, ‘আমি এমনিতেই পরিষদে যাই না। তবে বরখাস্তের কোনো আদেশ এখনও হাতে পাইনি। এর বেশি কিছু আমার জানা নেই।’

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, বরখাস্তের দাপ্তরিক চিঠি তিনি এখনও পাননি, তবে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছেন। তিনি বলেন, ‘তদন্তকালে আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিল। সরেজমিনে যাচাই করে তাদের কারও স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। এ কারণে প্রতিবেদনে ওই নিবন্ধনগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনের সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনও প্রজ্ঞাপনের কপি হাতে আসেনি। পে‌লে নি‌র্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব।’