যুদ্ধেরও একটি অর্থনৈতিক মূল্য রহিয়াছে, সামাজিক মূল্য রহিয়াছে, এমনকি রহিয়াছে গভীর মনস্তাত্ত্বিক মূল্য। কিন্তু সেই মূল্য যখন সীমা অতিক্রম করে, তখন তাহার বোঝা বহন করিবার ক্ষমতা রাষ্ট্রেরও থাকে না, সাধারণ মানুষেরও থাকে না। পৃথিবী এখন অনেকটা সেই পরিস্থিতির সম্মুখীন। ইউক্রেনের যুদ্ধ থামিতেছে না, ইরানকে কেন্দ্র করিয়া মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঘটিতেছে, ফিলিস্তিনে মানুষের দুর্দশার অবসান ঘটিতেছে না। একের পর এক সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করিতেছে। জ্বালানি, খাদ্য, পরিবহন, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, কোনো কিছুই এই অস্থিরতার অভিঘাত হইতে মুক্ত থাকিতে পারিতেছে না। যুদ্ধক্ষেত্র হইতে হাজার হাজার মাইল দূরের মানুষও এখন যুদ্ধের মূল্য পরিশোধ করিতেছে। এই বাস্তবতায় আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন শীর্ষনেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের প্রস্তাবিত বৈঠক বিশ্বরাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করিতেছে। তিন পরাশক্তির রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসিয়া যুদ্ধ, সমরাস্ত্র ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় লইয়া আলোচনা করিবেন, ইহা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতাকাঠামোতে বর্তমানে এই তিন রাষ্ট্রের প্রভাব অপরিসীম। তাহাদের সম্মিলিত সিদ্ধান্তের প্রভাবও বিশ্বব্যবস্থায় সুদূরপ্রসারী হইতে পারে। প্রশ্ন হইল, এই বৈঠক কি সত্যিই যুদ্ধের অবসানের পথ খুলিয়া দিবে?
আশা করিবার কিছু কারণ রহিয়াছে। ইউক্রেন ও ইরানকে কেন্দ্র করিয়া সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। অন্যদিকে, চীনও আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখিতে আগ্রহী। যুদ্ধ দীর্ঘায়িত হইলে তিন দেশের কাহারও অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ সম্পূর্ণ নিরাপদ থাকে না। বিশেষত, পরমাণু অস্ত্রের বিস্তার ও ব্যবহারের আশঙ্কা এমন এক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করিতেছে, যাহার পরিণতি কোনো রাষ্ট্রের সীমানায় আবদ্ধ থাকিবে না। মনে রাখিতে হইবে, প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব নিরাপত্তাবোধ, ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সামরিক ও অর্থনৈতিক স্বার্থ রহিয়াছে। ইউক্রেনের সার্বভৌমত্ব, রাশিয়ার নিরাপত্তা-সংক্রান্ত দাবি, ইরানের আঞ্চলিক অবস্থান, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত, প্রতিটি সমস্যার পিছনে রহিয়াছে দীর্ঘ ইতিহাস ও জটিল রাজনৈতিক বাস্তবতা। এমতাবস্থায়, তিন পরাশক্তি নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাইলেও সংশ্লিষ্ট রাষ্ট্র ও জনগণের স্বার্থ উপেক্ষা করিয়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হইবে না। যাহাদের ভূখণ্ডে যুদ্ধ চলিতেছে, যাহাদের ঘরবাড়ি ধ্বংস হইতেছে, যাহাদের স্বজন নিহত হইতেছেন, শান্তির সিদ্ধান্ত গ্রহণে তাহাদের মতামত ও অধিকারও সমান গুরুত্ব পাইতে হইবে।
আরেকটি বিষয় বিশেষভাবে বিবেচ্য। বিশ্বে অস্ত্রের প্রতিযোগিতা চলিতে থাকিলে যুদ্ধের আশঙ্কা কখনো সম্পূর্ণ দূর হইবে না। পরাশক্তিগুলির দ্বৈতনীতি পরিহার করাও জরুরি। নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন মানিয়া চলিব এবং প্রতিপক্ষের ক্ষেত্রে সেই আইন উপেক্ষা করিব, এই মনোভাব লইয়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নহে। বিশ্ববাসী এখন আর কোনো যুদ্ধের ভার বহন করিতে চাহে না। বিশেষত উন্নয়নশীল দেশগুলির মানুষের পক্ষে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট, খাদ্য ও জ্বালানির বাড়তি ব্যয় সামলাইয়া যুদ্ধের নতুন অভিঘাত গ্রহণ করা অত্যন্ত কঠিন। সুতরাং, ১৯ নভেম্বরের বৈঠক তাই কেবল তিন রাষ্ট্রনায়কের কূটনৈতিক সাক্ষাৎ হইয়া থাকিলে চলিবে না। ইহাকে বিশ্বশান্তির একটি কার্যকর সূচনা হইতে হইবে-আমরা কেবল সেই আশাবাদ ব্যক্ত করিতে পারি। আমরা জানি, একটি বৈঠকে পৃথিবীর সমস্ত সংঘাতের অবসান ঘটিবে না। কিন্তু তিন পরাশক্তি যদি নিজেদের প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠিয়া যুদ্ধবিরতি, শান্তি আলোচনা ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আন্তরিক উদ্যোগ গ্রহণ করে, তাহা হইলে সেই উদ্যোগই পরবর্তী পরিবর্তনের পথ তৈরি করিতে পারে।
পৃথিবী আর কোনো যুদ্ধ-আস্ফালনের কথা শুনিতে চাহে না। পৃথিবী শুনিতে চাহে যুদ্ধ থামিবার সংবাদ। ১৯ নভেম্বরের বৈঠক হইতে সেই সংবাদ আসিবে কি? বিশ্ববাসী অন্তত এই আশাটুকু করিতে চাহে।