বাউফলে ঘরে ঢুকে তিন বোনসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ২

পটুয়াখালীর বাউফলে ঘরে ঢুকে তিন বোনসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি কিশোর দলের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ঝুমুর (৩১), রিনা (২৭), সাথী (২৬) ও হাসান (২৮)। আহত তিন বোন ওই এলাকার মো. হারুনের মেয়ে। হাসান একই এলাকার আলী হোসেন মৃধার ছেলে।

আহতদের মধ্যে হাসান ও সাথীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝুমুর ও রিনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোন একই ঘরে বসবাস করেন। তাদের অভিযোগ, এলাকার কয়েকজন কিশোর দীর্ঘদিন ধরে তাদের উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাদের কুপ্রস্তাবও দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের বিরুদ্ধে মাদক বিক্রিসহ নানা অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন তারা।

আহত ঝুমুরের অভিযোগ, ঘটনার রাতে তিন বোন ও হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিহাবের নেতৃত্বে ওমর, খাইরুল ও ইশাসহ ১০ থেকে ১২ জনের একটি দল তাদের ঘরে প্রবেশ করে। এরপর তাদের ওপর হামলা চালানো হয়। এতে চারজন আহত হন।

ঝুমুর আরও বলেন, তার দুই বোনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করা হতো। এসব ঘটনার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। অভিযুক্তদের কথামতো না চলায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিহাব। তিনি বলেন, তার এক বন্ধুকে মারধর করা হয়েছে, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মারামারি থামিয়ে দেন। ধাক্কাধাক্কিতে কেউ আহত হয়ে থাকতে পারেন, তবে তিনি কাউকে মারধর করেননি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইএম নাঈম সাকিব বলেন, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।