যাত্রাবাড়ীতে র/ক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃ/ত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই মো. হাসান আলী জানান, দায়িত্ব পালনকালে মসজিদের পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ২টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, নিহতের বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন ছিল। তার বয়স আনুমানিক ২৮ বছর। পরনে ছিল জিন্স প্যান্ট, কালো টি-শার্ট ও সুতি জ্যাকেট।

মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তারা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুনেছিলেন। তবে কারা ওই যুবককে আঘাত করেছে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা কোনো তথ্য দিতে পারেননি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।