রেডিওতে ক্রিকেটের খবর প্রচার নিষিদ্ধ করলো আফগান সরকার

আফগানিস্তানের ক্রিকেট নিয়ে অদ্ভুত এক নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। মাঠে খেলা চললেও দেশটির প্রদেশ কান্দাহারের রেডিওতে ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে স্টেশনগুলোতে ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। ম্যাচের ধারাভাষ্য, ক্রিকেটের খবর কিংবা কোনো দলের জয়ের সংবাদও প্রচার করা নিষিদ্ধ।

নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’

কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধানও নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন পেয়েছি। আমাদের জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার করা যাবে না।’

অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’

নিরাপত্তার কারণে রেডিও স্টেশনগুলোর কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান কান্দাহার। সেখানে ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মন্তব্য চেয়েছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।