বগাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ও লুলাইং পুলিশ ক্যাম্প দ্রুত স্থাপনের দাবি

লামা (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা সরই ইউনিয়নে লুলাইং পুলিশ ক্যাম্প এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়িতে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব ফাইলবন্দি হয়ে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ। জানা গেছে, সরই ইউনিয়নের লুলাইং ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বাগাইছড়ি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্র স্থাপন করার জন্য পুলিশ সদর দপ্তরে প্রায় ১ বছর পূর্বে প্রস্তাব প্রেরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন বাসিন্দারা এ দুটি স্থাপনা নির্মাণের প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, ফাঁসিয়াখালী জনসাধারণের যানমালের নিরাপত্তার জন্য বগাইছড়ি এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।

লুলাইং বাজারের ব্যবসায়ী আবুল কালাম জানান, পুলিশ ক্যাম্প স্থাপন করা হলে সাধারণ পাহাড়ি বাঙালি পরিবার ও ব্যবসায়ীরা সন্ত্রাসীদের জিম্মি দশা থেকে রেহাই পাবে। সরই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম জানান, সরই, গজালিয়া, ২নং লামা ও রূপসীপাড়া ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী সন্ত্রাসীদের হাতে জিম্মি অবস্থায় রয়েছে। একই কথা জানিয়েছেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোইয়াচিং মার্মা, লামা ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান চাছিং প্রু। ইউপি চেয়ারম্যানগণ গত নভেম্বর মাসের আইনশৃৃঙ্খলা কমিটির সভায় এসব দাবি জানিয়ে বলেন, যে কোনো মূল্যে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) অপেলা রাজু নাহার জানান, লুলাইং এলাকায় পুলিশ ক্যাম্প এবং বাগাইছড়িতে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করার জন্য পৃথক দুটি প্রস্তাব পুলিশ সুপারের মাধ্যমে সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। সদর দপ্তরে অনুমোদন পেলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।