কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের সাড়ে চার মাস পর তাজমিমা আক্তার (১৭) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছনের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করেন বালুখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা।
তাজমিমা আক্তার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আব্দুর রহিমের মেয়ে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, গত জুলাই মাস থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন হাইওয়ে রেস্টুরেন্টের পেছনের বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সহায়তায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি দেখে নিখোঁজ তাজমিমা হিসেবে শনাক্ত করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লিখিত অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।