কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসে সাতটি বন্যহাতি। দুই ঘণ্টার চেষ্টায় সেগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছোট-বড় সাতটি হাতির এই পালকে ঘিরে স্থানীয়দের মধ্যে একইসঙ্গে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় হাতিগুলো গহিন বনে ফিরে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ছোট-বড় সাতটি হাতির একটি পাল বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। খবর ছড়িয়ে পড়লে হাতিগুলো দেখতে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। একদিকে কাছ থেকে বন্যহাতি দেখতে পেয়ে অনেকে কৌতূহলী হয়ে ওঠেন, অন্যদিকে ফসল ও জানমালের ক্ষতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, হাতির পাল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ। তার নেতৃত্বে বন বিভাগের কর্মী ও ইআরটি সদস্যরা হাতিগুলোকে বিরক্ত না করে নিরাপদে বনে ফেরানোর উদ্যোগ নেন। প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় হাতির পালটিকে বনে ফেরত পাঠানো সম্ভব হয়।
এ বিষয়ে থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ জানান, খাবারের সন্ধানে হাতিগুলো বন থেকে লোকালয়ে চলে এসেছিল। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহকর্মী ও ইআরটি সদস্যদের সহযোগিতায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘থাইংখালীর চোরাখোলা এলাকায় সাতটি বন্যহাতির পাল লোকালয়ে চলে আসার খবর পেয়েই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়। হাতিগুলো যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে এবং স্থানীয় বাসিন্দারাও নিরাপদে থাকেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।’