বন্যা-শিবলী-নিপায় মুগ্ধ টরন্টো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার

কানাডার টরন্টোতে সংগীত ও নৃত্যের এক ব্যতিক্রমী আয়োজন উপহার দিল ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। গত শনিবার (১৪ নভেম্বর) টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বাংলাদেশের নৃত্যাঙ্গনের দুই খ্যাতিমান শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিবেশনায় মুগ্ধ হন প্রায় এক হাজার দর্শক-শ্রোতা। অনুষ্ঠান শেষ হলেও ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ছবি, ভিডিও ও প্রশংসাসূচক মন্তব্যে উঠে আসছে সেই রাতের নানা মুহূর্ত। পুরো আয়োজনটি করেছেন গুনী নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনা। পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের সমন্বয়ে তার সংগীত পরিবেশনা পায় ভিন্নমাত্রা। রাত এগারোটার পরও বিপুলসংখ্যক দর্শককে মিলনায়তনে বসে গান উপভোগ করতে দেখা যায়। প্রবাসের ব্যস্ত জীবনে গভীর রাত পর্যন্ত রবীন্দ্রসংগীতের প্রতি দর্শকদের এমন আগ্রহ ছিল আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক।

বন্যার সঙ্গে যন্ত্রসংগীতে অংশ নেন পাঁচ গুণী শিল্পী। বাঁশিতে প্রেমিক রাসেল টাবস, সেতারে মোহাম্মদ আসানি, পিয়ানো ও সংগীতায়োজনে টিমোথি করলিস, চেলোতে বেন বোল্ট-মার্টিন এবং তবলায় রনি পামার। তাদের চমৎকার মেলবন্ধন তৈরি হয়।

বাঁশির সুর ও মিলির কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা তাঁদের দল নিয়ে পরিবেশন করেন ‘আলোকের এই ঝর্ণাধারায়’। জুনায়েদ আনোয়ার- এর দোতারা ও জাহাঙ্গীরের বাঁশি পরিবেশনা, বাউলগানের সঙ্গে নৃত্য, ‘মোর ঘুমঘোরে’ যুগল নৃত্য এবং দিলারা নাহার বাবুর কবিতার বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে বৈচিত্র্য যোগ করে।

তাপস দেবের নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় নাহিদ নাসরিন নয়ন ও তাপস দেবের যুগল নৃত্য দর্শকদের প্রশংসা কুড়ায়। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার দলীয় পরিবেশনা ‘ধ্রিম’ ছিল নৃত্যপর্বের আরেক আকর্ষণ।

এবারের আয়োজনের উল্লেখযোগ্য দিক ছিল স্থানীয় নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের অংশগ্রহণ। অনুষ্ঠানের আগে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় দুই দিনের বিশেষ নৃত্য কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ নেওয়া শিল্পীদের একটি দল মূল অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ পায়। প্রবাসে বাংলা নৃত্যচর্চার প্রসারে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু, পরিবেশনার ধারাবাহিকতা এবং মঞ্চ ব্যবস্থাপনায় ছিল পরিকল্পনার ছাপ।

নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নাহিদ নাসরিন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশনসের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। আয়োজন সফল করতে দীন ইসলামসহ আয়োজক দলের সদস্য, শিল্পী, কলাকুশলী ও স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের আর্থিক ও সাংগঠনিক সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে শিল্পীদের পরিবেশনা, সংগীতায়োজন, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ এবং সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা।

টরন্টোর এই আয়োজন আবারও তুলে ধরেছে প্রবাসে বাংলা সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি বাঙালিদের গভীর অনুরাগ। তিন কিংবদন্তি শিল্পীর সম্মিলিত উপস্থিতি এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ হয়ে রইল টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের একটি স্মরণীয় আয়োজন।