সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে (৩৮) পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় অভিযুক্ত কর্মী মাহমুদুল হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকেই মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাহমুদুল সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য সোমবার দুপুর ১২টার পর সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ওই নারী। সেখানে যাওয়ার পর তাকে জানানো হয় যে, ওই সময় পরীক্ষা করা সম্ভব হবে না। ঠিক তখনই প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান এগিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
পুলিশের ভাষ্যমতে, পরীক্ষার কথা বলে মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে বলেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী নমুনা নিয়ে প্যাথলজি বিভাগের একটি কক্ষে প্রবেশ করলে মাহমুদুল কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং সেখানে ওই নারীকে ধর্ষণ করেন।
ঘটনার পর বাড়িতে ফিরে ভুক্তভোগী নারী তার স্বামীকে পুরো বিষয়টি খুলে বলেন। এরপর মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর থানায় গিয়ে মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থাপনায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।