ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনকারীদের জন্য কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে সমমানের সনদ নতুন করে ডাউনলোড, ফল পুনঃনিরীক্ষণের অপেক্ষা না করে আবেদন সম্পন্ন এবং পেমেন্টসংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব সমমান (ইকুইভ্যালেন্স) আবেদনকারী আগের নির্দেশিকা অনুযায়ী সনদ ডাউনলোড করেছেন, তাদের নতুন নির্দেশিকা অনুসারে তৈরি হালনাগাদ সমমান সনদটি পুনরায় ডাউনলোড করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফল পুনঃনিরীক্ষণের জন্য অপেক্ষা না করে যেসব শিক্ষার্থীর আবেদনের ন্যূনতম যোগ্যতা রয়েছে, তাদের অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
কোনো ইউনিটে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার পরও যাদের পেমেন্টের তথ্য সিস্টেমে হালনাগাদ হয়নি, তাদের পুনরায় টাকা জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের লগইন করে ‘পেমেন্ট পুনরুদ্ধার’ মেনুতে প্রবেশ করতে হবে। এরপর এসএসএলকমার্জ থেকে ইমেইলে পাওয়া পিডিএফে উল্লেখিত ট্রানজেকশন আইডি দিয়ে পেমেন্টের তথ্য হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনে ভুল এড়াতে শিক্ষার্থীদের নিজেরাই ভর্তি পরীক্ষার আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে অন্য কেউ আবেদন করার সময় পাশে থেকে পুরো প্রক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে গিয়ে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আবেদনের সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ আবেদন শুরুর দিন এবং শেষ দিনে আবেদন করা দুই শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে পড়তে পারে।
শিক্ষার্থীরা প্রতিটি ইউনিটে আবেদনের সময় আলাদাভাবে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।
আবেদন ফি ব্যাংক অথবা অনলাইনে জমা দেওয়ার পর শিক্ষার্থীর ড্যাশবোর্ডে সংশ্লিষ্ট ইউনিটে প্রবেশ করে ‘পে স্লিপ’ অথবা ফি প্রাপ্তির রসিদ ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করা হলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
বিভাগীয় শহরগুলোতে পরীক্ষার আসনসংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়। কোনো বিভাগীয় শহরকে পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচন করলে ওই শহরেই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতিক্রম।
ভর্তি সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা লিংকডইনের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ও নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর। আবেদন চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এবার আইবিএ ইউনিটে ১২০টি, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।