মার্কিন পণ্যে সাড়ে ৭ হাজার কোটি ডলারের শুল্ক আরোপ করেছে চীন। গতকাল দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ৫ হাজারের বেশি পণ্যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের পণ্যে ৩০ হাজার কোটি ডলারের শুল্ক বাড়ায়, যা দুই ধাপে কার্যকর হবে। খবর রয়টার্সের
চীনা বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৫ হাজার ৭৮টি মার্কিন পণ্যে ৫ থেকে ১০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। মার্কিন কৃষি পণ্য সয়াবিন ছাড়াও এই তালিকায় অপরিশোধিত তেল এবং ছোটো বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশেও শুল্ক বাড়ানো হয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর এবং ১৫ ডিসেম্বর থেকে দুই ধাপে এই শুল্ক কার্যকর হবে। মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বেইজিং বাধ্য হয়েই শুল্ক বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের একক সুরক্ষাবাদ থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে বেইজিংয়ের পণ্যে ৩০ হাজার কোটি ডলারের শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র যা আগামী পহেলা সেপ্টেম্বর ও ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।