বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার থাকলেও প্রতিবাদের নামে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট বার্তা দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী এই ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। জাতিসংঘ কি বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, না কি এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে?
জবাবে ফারহান হক বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।
এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেন।