আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে

আগুনে পুড়ে যাওয়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। চারদিকে ছড়িয়ে ছিল পোড়া আসবাব, ট্রাঙ্ক, স্যুটকেস ও গৃহস্থালির জিনিসপত্র। টিনের চাল কালো হয়ে গেছে আগুনে। কোনো ঘরের দেয়াল টিকে থাকলেও ভেতরে আসবাবের কিছুই অবশিষ্ট নেই। পুড়ে গেছে গোয়ালঘর, খড়ের পালা এবং ঘরে রাখা ধান-চাল। ধ্বংসস্তূপের পাশে বসে বিলাপ করছিলেন এক নারী। বাড়িতে জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। কেউ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখছিলেন, কেউ মুঠোফোনে ধারণ করছিলেন সেই দৃশ্য।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ির চিত্র এটি। গতকাল মঙ্গলবার রাতে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বাড়ির বিভিন্ন স্থানে আজ দুপুর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। 

বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটি পোড়া ঘর। কথা বলে জানা যায়, ঘরটি বিএনপির কর্মী ও এস এম জিলানীর চাচাতো ভাই তাইজুল শেখের। ঘরটির ভেতরে পোড়া আসবাবপত্র ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে। এর পশ্চিম পাশে আরেকটি টিনের ঘর। ঘরটির টিন পুড়ে কালো হয়ে গেছে। ভেতরে কোনো আসবাবপত্র বা ব্যবহারযোগ্য জিনিস চোখে পড়েনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সেখান থেকে কিছুটা সামনে এগোতেই বাঁ পাশে দেখা যায় এস এম জিলানীর বৈঠকখানা ও অতিথিদের জন্য তৈরি করা প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। ডান পাশে থাকা একটি টিনের ঘরের চালের টিন খুলে টুকরা টুকরা করে ফেলে রাখা হয়েছে।

ওই ঘরের পেছনে দুটি খড়ের পালায় তখনো আগুন জ্বলছিল। পাশেই একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালঘরের আশপাশে পোড়া কাঠ ও ছাই পড়ে আছে। এর উত্তর পাশে আধাপাকা একটি টিনের ঘর। ঘরটির ইটের দেয়াল দাঁড়িয়ে থাকলেও ভেতরের টিন ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের এক পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ধান ও চাল। চালের স্তূপের একটি অংশে তখনো আগুন জ্বলছিল।

এর পাশেই এস এম জিলানীর বাবার ঘর। ঘরের বাইরে একটি চেয়ার নিয়ে বসে ছিলেন তার ভাই হায়দার আলী। ঘরের মেঝেতে তখনো আগুন জ্বলছিল। ভেতরে পোড়া ধান ও চাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। চালের স্তূপ থেকেও ধোঁয়া বের হচ্ছিল।

বাড়ির উত্তর পাশে এস এম জিলানীর তিনতলা ভবন। ভবনের ভেতরে ঢুকতেই ডান পাশে ডাইনিং কক্ষ। সেখানে মেঝেতে ছড়িয়ে ছিল রান্না করা তরকারি, কাচের টুকরা ও পোড়া ছাই। ঘরের বিভিন্ন স্থানে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে ছিল। কয়েকজন নারী ভবনের ভেতর থেকে অক্ষত জিনিসপত্র বের করছিলেন।

তাদের একজন আনিসা বলেন, তার চাচা এস এম জিলানীর বাসায় ঘটনার সময় তালা দেওয়া ছিল। হামলাকারীরা প্রথমে এসে পাঁচ থেকে ১০ মিনিট ধরে তালা ভাঙেন। এরপর তারা দোতলায় ওঠেন। চাচাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আয়োজন চলছিল। এ সময় হামলাকারীরা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, ওভেনসহ ঘরের বিভিন্ন মালামাল নিয়ে যান। পরে পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন।

আনিসার দাবি, ঘটনার সময় তাদের বাড়িতে পুলিশ দায়িত্ব পালন করছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বাড়িতে আসার পর পুলিশ সদস্যরা ভয়ে তাদের বলেন, আপনারা আমাদের জানে মারবেন না, আমরা কিছুই আপনাদের বলব না। পরে পুলিশ সেখান থেকে সরে যায় বলে তার ভাষ্য। 

এস এম জিলানীর ভাই হায়দার আলী গণমাধ্যমকে বলেন, গতকাল রাত আনুমানিক আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার থেকে পাঁচ শ নেতা-কর্মী তাদের বাড়িতে আসেন। প্রথমে তারা বাড়ির প্যান্ডেল ভাঙচুর করেন। এরপর বাড়ির প্রতিটি ঘরে লুটপাট চালান। ঘরের মালামাল নিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হায়দার আলী অভিযোগ করেন, তার ছোট বোনের ১০ ভরি স্বর্ণালংকার এবং বড় বোন সেতারা ও ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে বাড়িতে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।