শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিরোধী অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসকে ঘিরে ধরে হেনস্তা ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানে জব্দ করা ১২২ কেজি পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয়। ভাঙচুর করা হয় অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিক্রির অভিযোগে বুধবার দুপুরে নড়িয়া বাজারের একটি শুঁটকির দোকানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে দোকানটি থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়।
পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ কর্মকর্তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় জব্দ করা মালামাল ছুড়ে ফেলে দেওয়া হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়েছিল। পরে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ তাদের ঘিরে ধরে হামলার চেষ্টা ও হেনস্তা করে। এ সময় জব্দ করা মালামাল ছুড়ে ফেলা এবং অটোরিকশা ভাঙচুর করা হয়।