নীলফামারীতে কাজ শেষ হওয়ার আগেই একাডেমিক ভবন নির্মাণের চূড়ান্ত বিল পরিশোধে অস্বীকৃতি জানানোয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলীকে ঘুসি মেরেছেন এক ঠিকাদার।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অফিস সূত্রে জানা গেছে, ঠিকাদার মিঠু শেখ (৪৩) নীলফামারী পৌরসভার শাহিপাড়া এলাকার বাদল শেখের ছেলে। তিনি মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী। লালমনিরহাটের এসএস এন্টারপ্রাইজ নামে মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের সাব-ঠিকাদারি নেন।
প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় চারতলা ভিত্তিসহ একতলা ভবন নির্মাণের কথা রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মিঠু ওই ভবন নির্মাণকাজের বিপরীতে চলতি বিল হিসেবে ১ কোটি ১৭ লাখ টাকা পেয়েছেন। তবে কাজ শেষ না হলেও গত কয়েকদিন ধরে তিনি বারবার চূড়ান্ত বিল পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন।’
হাজেরুল ইসলাম বলেন, ‘আজ সকালে মিঠু আমার অফিসে এসে চূড়ান্ত বিল অনুমোদন করে দিতে বলেন। কাজ শেষ না হওয়ায় বিল দিতে অস্বীকৃতি জানালে মিঠু আমাকে ঘুসি মারেন।’
মিঠুর বিরুদ্ধে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন হাজেরুল ইসলাম।
এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।’