পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, এক দিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ক্রমাগত কমে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগে গতকাল বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই তাপমাত্রার ওঠানামা চলছিল। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি এবং মঙ্গলবার ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে গতকাল বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় ঝলমলে রোদ থাকায় কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আবহাওয়া বদলে যাচ্ছে। রাতে রীতিমতো লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে এবং ভোরের দিকে বাইরে বের হলে বেশ শীত অনুভূত হচ্ছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।